সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়ত আন্তর্জাতিক মহাসম্মেলন
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । ধর্মীয় । শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সকাল ৯টায় শুরু হয়েছে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত ‘আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন’। সম্মেলনের শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানের ঢল নামে সম্মেলনস্থলে, যা দুপুর নাগাদ লাখো মানুষের উপস্থিতিতে এক ঐতিহাসিক পরিবেশ সৃষ্টি করে।
আয়োজক সূত্র জানায়, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষায় বৈশ্বিক ঐক্য গড়ে তোলা—এই দুটি মূল উদ্দেশ্য সামনে রেখে সম্মেলনটি আয়োজন করা হয়েছে। বাংলাদেশসহ পাঁচটি দেশের শীর্ষ ইসলামি নেতৃবৃন্দ এতে যোগ দিচ্ছেন।
আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে সম্মেলনে অংশ নিচ্ছেন—
- জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান,
- জমিয়তে উলামায়ে হিন্দের (ভারত) সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি,
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি,
- ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি,
- ইউসুফ বিন্নুরী টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী।
এছাড়া পাকিস্তানের মাওলানা ইলিয়াছ গুম্মান এবং মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিমও সম্মেলনে বক্তব্য রাখবেন।
মহাসম্মেলনের একটি প্রধান সেশন পরিচালনা করেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, যিনি উপস্থিত লাখো মানুষের উদ্দেশে খতমে নবুওয়ত আকিদার বিশ্বব্যাপী গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

আয়োজক কমিটি জানিয়েছে, দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর পাশাপাশি ইসলামপন্থী বেশ কয়েকটি দলের প্রতিনিধিদেরও সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনের মাধ্যমে দেশে-বিদেশে খতমে নবুওয়ত বিষয়ক বৈশ্বিক অবস্থান আরও সুসংহত হবে বলে আশা করছে আয়োজকরা।
বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন—
- হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী,
- আল হাইয়াতুল উলিয়া ও বেফাকের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান,
- বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক,
- ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম,
- বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক,
সহ দেশের শতাধিক বিশিষ্ট আলেম-ওলামা।
সম্মেলনের সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ।
আয়োজক কমিটি বলেছে, এ সম্মেলনের মাধ্যমে খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার আন্দোলন বিশ্বময় আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে এ বিষয়ে আন্তর্জাতিক সমন্বয় জোরদার হবে।