জুলাই ছাত্র–জনতা হত্যা মামলা: শেখ হাসিনার রায় সোমবার
নিজস্ব প্রতিবেদক । জাতীয় সংবাদ । রোববার, ১৬ নভেম্বর ২০২৫
জুলাই ছাত্র–জনতা হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় সোমবার
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন “অপরাধের নিউক্লিয়াস” বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপন করেছে প্রসিকিউশন। তাদের দাবি, আন্দোলনের সময় ছাত্র–জনতার ওপর হামলা, গুলি, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ ছিল শেখ হাসিনার পক্ষ থেকে।
এ মামলায় ৮১ জন সাক্ষীর মধ্যে ৫৪ জনের গুরুত্বপূর্ণ সাক্ষ্য, ৬৯টি অডিও ক্লিপ, ১৭টি ভিডিও, সিডিআরসহ বিভিন্ন ডিজিটাল আলামত আদালতে উপস্থাপন করা হয়েছে। প্রসিকিউশন পাঁচটি অভিযোগে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।
আগামীকাল সোমবার ট্রাইব্যুনাল–১ এ মামলার রায় ঘোষণা করবে। শহীদ পরিবারের সদস্যরা ন্যায়বিচারের প্রত্যাশায় অপেক্ষায় আছেন। অন্যদিকে আসামিপক্ষ বলছে, ফরেনসিক অডিও–ভিডিও প্রমাণ যথেষ্ট নির্ভরযোগ্য নয় এবং তারা খালাস আশা করছে।