চীনে ৭০ বছরে সবচেয়ে বড় সোনার খনি আবিষ্কার — লিয়াওনিংয়ে
অনলাইন ডেস্ক । আন্তর্জাতিক অর্থনীতি । রোববার, ১৬ নভেম্বর ২০২৫
চীনে গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণভান্ডার আবিষ্কৃত হয়েছে। লিয়াওনিং প্রদেশে পাওয়া দাদংগোউ খনিতে প্রায় ১,৪৪৪ টন স্বর্ণ রয়েছে বলে নিশ্চিত করেছে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়।
কর্তৃপক্ষ জানায়, খনিটিতে মোট ২৫.৮৬ লাখ টন আকরিক আছে, যেখানে প্রতি টনে গড়ে ০.৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া যাবে। মাত্র ১৫ মাসের অনুসন্ধানে এই বিশাল ভান্ডার চিহ্নিত করা হয়েছে—যা বিশেষজ্ঞদের কাছে বিরল ঘটনা।
বর্তমান বাজারদরে এই স্বর্ণের মোট মূল্য ১৬৬ বিলিয়ন ইউরোরও বেশি। এ বছর বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড ছুঁয়েছে, যেখানে প্রতি কেজি স্বর্ণের দাম ১,১৫,০০০ ইউরোর বেশি।
রাষ্ট্র পরিচালিত লিয়াওনিং জিওলজিক্যাল অ্যান্ড মাইনিং গ্রুপ প্রায় এক হাজার বিশেষজ্ঞ ও কর্মী নিয়ে এই অনুসন্ধান পরিচালনা করে। যদিও খনিটির মান তুলনামূলক কম, তবে এর অর্থনৈতিক সম্ভাব্যতা ইতোমধ্যে মূল্যায়ন করা হয়েছে।
সুরক্ষার কারণে সাইটটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকেরা বলছেন, বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা, দুর্বল ডলার ও বিভিন্ন দেশের রিজার্ভ বৃদ্ধি কৌশলের কারণে স্বর্ণের চাহিদা দ্রুত বাড়ছে। শুধু ২০২৪ সালেই চীন ১,০০০ টনের বেশি নতুন খনি আবিষ্কার করেছে এবং বছরের মোট স্বর্ণ উৎপাদন ছিল ৩৭৭.২৪ টন। অভ্যন্তরীণ চাহিদা ছিল ৯৮৫.৩১ টন—যা দেশের সাধারণ মানুষের স্বর্ণ বিনিয়োগের প্রবণতা বাড়ার ইঙ্গিত দেয়।