নৈরাজ্যকারীদের গুলির নির্দেশ — ডিএমপি কমিশনারের কঠোর সতর্কতা
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । রোববার, ১৬ নভেম্বর ২০২৫
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, কেউ বাসে আগুন দিলে বা ককটেল নিক্ষেপ করে জীবনহানির চেষ্টা করলে পুলিশ সরাসরি গুলি চালাবে। রোববার (১৬ নভেম্বর) বিকালে বেতার বার্তায় তিনি এ নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন ডিএমপির অপরাধ বিভাগের তিন কর্মকর্তা।
জানতে চাইলে ডিএমপি কমিশনার যুগান্তরকে বলেন, “আমি ওয়্যারলেসে বলেছি—যে কেউ বাসে আগুন দিলে, ককটেল ছুড়ে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।”
তিনি আরও বলেন, “পুলিশের গাড়িতে আগুন দেওয়া, ককটেল নিক্ষেপ বা জানমালের ক্ষতির চেষ্টা করলে পুলিশ বসে থাকবে না।”
সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামীপন্থি সংগঠনগুলো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে। এ কারণেই ডিএমপি কমিশনার এমন কঠোর নির্দেশনা দিয়েছেন।
এর আগে গেল সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি টার্গেট কিলিংয়ের পর সিএমপি কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করার নির্দেশ দেন। ১১ নভেম্বর বেতার বার্তায় তিনি এ নির্দেশনা দেন।