হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি - দিগন্ত জার্নাল

হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি

হাসিনা রায়, ট্রাইব্যুনাল নিরাপত্তা, সেনা মোতায়েন, সুপ্রিম কোর্ট চিঠি, মানবতাবিরোধী অপরাধ, ডিএমপি নিরাপত্তা

নিজস্বপ্রতিবেদক । জাতীয় সংবাদ । রোববার, ১৬ নভেম্বর ২০২৫

১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে আশঙ্কা দেখা দিয়েছে নাশকতার। নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাইব্যুনালে সেনা মোতায়েনের জন্য সেনাসদরে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। রাজধানীতে অতিরিক্ত ফোর্স মোতায়েনের প্রস্তুতিও নিয়েছে ডিএমপি।

সোমবার, ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ঐতিহাসিক রায় ঘিরে রাজধানী ছাড়াও দেশজুড়ে নাশকতার আশঙ্কায় উদ্বেগ তৈরি হয়েছে।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ট্রাইব্যুনাল এলাকায় সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়ে সেনাসদরে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এই রায় সরাসরি দেখতে পারবে বিশ্বব্যাপী দর্শক। রাজধানীর বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় সম্প্রচারও করা হবে।

গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। প্যানেলের অন্যান্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিকে রায়কে ঘিরে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।

Home » হাসিনা রায় নিরাপত্তা
an adbox will go here