হাসিনার মানবতাবিরোধী মামলার রায় পড়া শুরু
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । সোমবার , ১৭ নভেম্বর ২০২৫
জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রায় পড়া শুরু করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলায় শেখ হাসিনা ও কামাল পলাতক থাকলেও সাবেক আইজিপি মামুন গ্রেফতার হয়ে প্রায় বছরখানেক ধরে কারাগারে রয়েছেন। তিনি রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন। তাই তার শাস্তি নির্ধারণ ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন। অপরদিকে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে।
সোমবার সকালে কড়া নিরাপত্তায় মামুনকে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয়। আদালত এলাকার নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে—পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও তৎপর অবস্থায় রয়েছে। নিরাপত্তার স্বার্থে দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয় এবং জনসাধারণের চলাচল সীমিত করা হয়।
গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল-১ আজকের দিনকে রায় ঘোষণার জন্য নির্ধারণ করেছিল। এটি জুলাই গণঅভ্যুত্থানসংক্রান্ত প্রথম কোনো মামলার রায়, যা দেশজুড়ে ব্যাপক নজরে রয়েছে।