হাসিনা ও কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড -মামুনের ৫ বছরের জেল - দিগন্ত জার্নাল

হাসিনা ও কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড -মামুনের ৫ বছরের জেল

শেখ, হাসিনা, রায়, মানবতাবিরোধী অপরাধ, জুলাই গণঅভ্যুত্থান মামলা, পাঁচ অভিযোগ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, রেড নোটিশ, আসামি পলাতক, আইসিটি রায়

নিজস্ব প্রতিবেদক । জাতীয় । সোমবার , ১৭ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয় মামুনকে। তিনি ছিলেন একমাত্র গ্রেপ্তার আসামি এবং পরে রাজসাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে বলা হয়েছে, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হয়েছে। মামলায় পাঁচটি অভিযোগ ছিল—

  1. উসকানিমূলক বক্তব্য প্রদান
  2. হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ
  3. রংপুরে ছাত্র আবু সাঈদকে হত্যা
  4. চানখারপুলে ছয় আন্দোলনকারীকে হত্যা
  5. আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা

প্রসিকিউশন জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এটি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা। তাকে জুলাই-আগস্টের নৃশংসতার ‘মাস্টারমাইন্ড ও হুকুমদাতা’ হিসেবে চিহ্নিত করা হয়।

মামলার তদন্ত প্রতিবেদন জমা হয় ১২ মে, অভিযোগপত্র দাখিল হয় ১ জুন, ১০ জুলাই অভিযোগ গঠন হয়, এবং যুক্তি-তর্ক শেষ হয় ২৩ অক্টোবর।

শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন—দুটি গুম-খুনের মামলা এবং শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের মামলা।

Home » হাসিনা কামাল মৃত্যুদণ্ড
an adbox will go here