ক্লাউডফ্লেয়ার ডাউনে বিশ্বজুড়ে ওয়েবসাইট বিপর্যয়
নিজস্ব প্রতিবেদক । আন্তর্জাতিক । মঙ্গরবার , ১৮ নভেম্বর ২০২৫
বিশ্বজুড়ে পরিচিত এবং বহুল ব্যবহৃত অনেক ওয়েবসাইট হঠাৎ করেই অচল হয়ে পড়ে ক্লাউডফ্লেয়ারের বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটির কারণে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X), চলচ্চিত্র পর্যালোচনা সাইট লেটারবক্সডসহ আরও বহু জনপ্রিয় ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে ব্যবহারকারীরা ত্রুটি বার্তা পান— যেখানে বলা হয়, “ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি।”
ইন্টারনেট অবকাঠামোর অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার সাইবার আক্রমণ প্রতিরোধ, ট্রাফিক ম্যানেজমেন্ট ও নিরাপত্তা সেবা দিয়ে থাকে। তাদের সার্ভার বা নেটওয়ার্কে ছোট্ট ত্রুটি দেখা দিলেই একযোগে বিশ্বজুড়ে অনেক ওয়েবসাইটে প্রভাব পড়ে।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, “আমরা এমন একটি সমস্যার বিষয়ে অবগত, যা বহু গ্রাহকের সেবা ব্যাহত করতে পারে। বিষয়টি তদন্তাধীন এবং নতুন তথ্য পাওয়া গেলে আপডেট দেওয়া হবে।”
ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরও নিজেই কিছুক্ষণ অচল হয়ে পড়ে। পুনরায় সাইটটি সচল হলে দেখা যায়— বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল হওয়ার রিপোর্ট কয়েক হাজারে পৌঁছে গেছে।
ব্যবহারকারীরা যে বার্তা দেখেন, তাতে উল্লেখ ছিল— ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি দেখা দিয়েছে এবং কয়েক মিনিট পরে পুনরায় চেষ্টা করতে বলা হয়।
এখনও ঠিক কতগুলো ওয়েবসাইট এই ত্রুটিতে আক্রান্ত হয়েছে তা জানা যায়নি। তবে ক্লাউডফ্লেয়ারের সিস্টেমে বড় ধরনের সমস্যার কারণে বহু ওয়েবসাইট একযোগে অচল হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে।