বাংলাদেশ ব্যাংকের মতিঝিলে কাউন্টার সেবা বন্ধ - দিগন্ত জার্নাল

বাংলাদেশ ব্যাংকের মতিঝিলে কাউন্টার সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক । জাতীয় অর্থনীতি । বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি, প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া–ফাটা নোট বিনিময়, এ-চালান ও চালান সংক্রান্ত ভাংতি টাকা প্রদানের মতো পাঁচ ধরনের সরাসরি কাউন্টার সেবা আগামী ২০ নভেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত তারিখের পর মতিঝিলে কোনো গ্রাহকসেবা পাওয়া যাবে না। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যাতে নির্বিঘ্নে এসব সেবা দিতে পারে, সে জন্য তদারকি বাড়ানো হবে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংক সাধারণ মানুষের জন্য সরাসরি কাউন্টার সেবা চালায় না। তাই এসব কার্যক্রম তফসিলি ব্যাংকেই সম্পন্ন করতে গ্রাহকদের পরামর্শ দয়েছে।

এর আগে গভর্নর ড. আহসান এইচ মনসুর ২২ জুন মতিঝিল ক্যাশ বিভাগ পরিদর্শন করে আধুনিকায়নের নির্দেশ দেন। পরবর্তী কমিটির সুপারিশেই গ্রাহকসেবা বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়। আগেও দুইজন গভর্নর এ ধরনের উদ্যোগ নিলেও বাস্তবায়ন হয়নি।

সম্প্রতি মতিঝিল অফিসে সার্ভার জালিয়াতির ঘটনায় ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র আত্মসাৎ এবং আরও ৫০ লাখ টাকা আত্মসাতের চেষ্টা ধরা পড়ায় চারজনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার পর থেকেই সঞ্চয়পত্র বিক্রি বন্ধ ছিল।

বর্তমানে সঞ্চয়পত্র, প্রাইজবন্ড, ছেঁড়া নোট বদল ও চালান সেবা বিভিন্ন সরকারি–বেসরকারি ব্যাংক এবং পোস্ট অফিস থেকে পাওয়া যাচ্ছে।

Home » বাংলাদেশ

an adbox will go here