নির্বাচন নিয়ে ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ মন্তব্য জামায়াত আমিরের - দিগন্ত জার্নাল

নির্বাচন নিয়ে ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ মন্তব্য জামায়াত আমিরের

জামায়াত, শফিকুর রহমান, নির্বাচন, যুবক, ভোটাধিকার, গাছে কাঁঠাল, চাঁদাবাজি, রাজনৈতিক, সমাবেশ, বাংলাদেশ, রাজনীতি

নিজস্ব প্রতিবেদক । রাজনীতি । বুধবার ,১৯ নভেম্বর ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিছু পক্ষ “গাছে কাঁঠাল রেখে গোঁফে তেল দিচ্ছে”—অর্থাৎ আগেভাগেই ফল নিজেদের দখলে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “মাসল পাওয়ার ও ব্যাগ মানি দিয়ে অন্যের ভোট হাইজ্যাক করার চেষ্টা হতে পারে।”

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর কাফরুল দক্ষিণ থানা জামায়াতের প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভোট দিতে কাউকে বাধ্য করা বা ভয় দেখানোর চেষ্টা করা হলে তরুণরা যেন দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে। “যাকে পছন্দ তাকে ভোট দেবে। আমাকে দেবে কি দেবে না সেটা তোমার ব্যাপার; কিন্তু তোমার বুকের জন্য আমরা লড়বো,” বলেন জামায়াত আমির।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় সম্পর্কে তিনি বলেন, স্বজনহারাদের কান্না কিছুটা থামবে এবং এটি ন্যায়বিচারের মানদণ্ড বজায় রেখেছে। রায়টি লাইভ সম্প্রচার হওয়ায় জনগণ তা প্রত্যক্ষভাবে দেখেছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি সরকারের প্রতি রায়ের পরবর্তী পদক্ষেপ যথাযথভাবে গ্রহণের আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান প্রতিশ্রুতি দেন, জামায়াত ক্ষমতায় গেলে কারও সম্পদ কেড়ে নেওয়া হবে না বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, শিল্পপতি, ব্যবসায়ী বা ছোট দোকানি—কারোর কাছেই চাঁদাবাজদের যাওয়ার মতো পরিবেশ থাকবে না।
“চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য অর্ধেকে নেমে আসবে,” দাবি করেন তিনি।

Home » জামায়াত আমির নির্বাচন মন্তব্য

an adbox will go here