বিচার বিভাগের আলাদা সচিবালয় অনুমোদন
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
অবশেষে দেশের বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। মন্ত্রণালয়ের আওতাভুক্ত প্রশাসনিক কাঠামো থেকে বের হয়ে এই সচিবালয় থাকবে সরাসরি উচ্চ আদালতের অধীনে। ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’ আগামী সপ্তাহেই গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের মানুষের দীর্ঘ ২০–৩০ বছরের আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে। এই অধ্যাদেশ জারির মধ্য দিয়ে মাসদার হোসেন মামলার রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হলো, যা বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় এক ঐতিহাসিক মাইলফলক।
এর আগে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায়।
বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত করার দাবিতে ১৯৯৫ সালে মামলা করেছিলেন বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাসদার হোসেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ১৯৯৯ সালে সুপ্রিম কোর্ট আপিল বিভাগ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ঐতিহাসিক রায় দেয়।
২৬ বছর পর সেই রায় বাস্তবায়নের শেষ ধাপ হিসেবে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকারিতা দুটোই নতুন মাত্রা পাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।