ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, আতঙ্কে মানুষ জন
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করেই ভয়াবহ ভূকম্পন অনুভূত হয়েছে। ২১ নভেম্বর সকালে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়, এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। এ ভূমিকম্পে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরজুড়ে। ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে এবং খোলা জায়গায় আশ্রয় নেয়।
প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এবং কম্পনের প্রবলতা ঢাকার বিভিন্ন এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়। দেশের উত্তর ও পূর্বাঞ্চলের কিছু স্থানেও দুলুনির খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রতিবেশী অঞ্চলে হলেও তার অভিঘাত ঢাকায় বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন ভবনে মানুষ নিরাপত্তার স্বার্থে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। অনেক আবাসিক এলাকায় অগ্নি-নির্বাপণ দল প্রস্তুত অবস্থানে থাকে। বিশেষজ্ঞরা বলেছেন, ঘনবসতিপূর্ণ শহর ঢাকায় এ ধরনের ভূমিকম্প বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে, তাই সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
ঘটনার পর ভূমিকম্পের মাত্রা ও উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে দেশের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র কাজ শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।