বাংলাদেশ–ভুটান দুই সমঝোতা স্মারকে সই - দিগন্ত জার্নাল

বাংলাদেশ–ভুটান দুই সমঝোতা স্মারকে সই

বাংলাদেশ, ভুটান, সমঝোতা, স্মারক, এমওইউ, স্বাস্থ্য খাত ,সহযোগিতা, ইন্টারনেট, ব্যান্ডউইথ, দ্বিপাক্ষীয় ,বৈঠক, তেজগা*ও, ঢাকা, রাজধানী

নিজস্ব প্রতিবেদক । জাতীয় । শনিবার ,২২ নভেম্বর ২০২৫

বাংলাদেশ ও ভুটানের শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষীয় বৈঠক শেষে আজ স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ বাণিজ্য বিষয়ে দুইটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যকর্মী নিয়োগসংক্রান্ত প্রথম সমঝোতা স্মারকে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান সই করেন। ভুটানের পক্ষ থেকে সই করে রয়্যাল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য খাতে মানবসম্পদ বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দ্বিতীয় সমঝোতা স্মারকটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ এবং টেলিযোগাযোগসেবা বাণিজ্য সম্পর্কিত। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দলিলে সই করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। এর মাধ্যমে আঞ্চলিক ডিজিটাল সংযোগ জোরদার ও তথ্যপ্রযুক্তি খাতে নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রী একান্ত বৈঠক এবং আনুষ্ঠানিক দ্বিপাক্ষীয় আলোচনায় অংশ নেন। আজ সকালে ড্রুকএয়ারের ফ্লাইটে ঢাকায় পৌঁছালে প্রধান উপদেষ্টা বিমানবন্দরে তোবগেকে স্বাগত জানান। এরপর তাঁকে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।

ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এবং বিকালে পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

Home » বাংলাদেশ ভুটান সমঝোতা
an adbox will go here