ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে নৈশভোজ আয়োজন - দিগন্ত জার্নাল

ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে নৈশভোজ আয়োজন

ভুটান, নৈশভোজ,প্রধান উপদেষ্টা, ইউনূস ভুটান, বাংলাদেশ, ভুটান, আন্তর্জাতিক,জাতীয়, সম্পর্ক, ঢাকা,শেরিং তোবগের

ডেস্ক রিপোর্ট । জাতীয় । রোববার , ২৩ নভেম্বর ২০২৫

ঢাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে রাজধানীর একটি অভিজাত হোটেলে ২২ নভেম্বর শনিবার নৈশভোজের আয়োজন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় সফরের প্রথম দিনই আয়োজিত এই নৈশভোজে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কূটনৈতিক ব্যক্তিত্বরা।

নৈশভোজ উপলক্ষে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভুটানের সম্পর্ক দীর্ঘমেয়াদে সংহতি, সাংস্কৃতিক সাদৃশ্য এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত। ভুটানের প্রধানমন্ত্রীকে ‘একজন নিবেদিতপ্রাণ নেতা’ উল্লেখ করে তিনি দুই দেশের বন্ধুত্ব আরও জোরদার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তোবগে তার বক্তব্যে বাংলাদেশের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, প্রতিবার বাংলাদেশে এলে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও দৃঢ়ভাবে অনুভূত হয়। তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্ব ও উন্নয়ন ভাবনার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।

নৈশভোজে আলোচনায় উঠে আসে বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, পর্যটন, জলবায়ু সহযোগিতা এবং কানেক্টিভিটি বৃদ্ধির বিষয়গুলো। দুই নেতা আশা প্রকাশ করেন, এই সফর বাংলাদেশ-ভুটান সম্পর্কের নতুন দ্বার উন্মোচন করবে।

সূত্র: বাসস

Home » দ্বিপাক্ষিক সম্পর্ক
an adbox will go here