ট্রাইব্যুনালে মানবতাবিরোধী মামলায় ফের হাজির ১৩ সেনা কর্মকর্তা - দিগন্ত জার্নাল

ট্রাইব্যুনালে মানবতাবিরোধী মামলায় ফের হাজির ১৩ সেনা কর্মকর্তা

ট্রাইব্যুনাল, সেনা, কর্মকর্তা, মানবতাবিরোধী অপরাধ, গুম-নির্যাতন, আওয়ামী লীগ শাসনামল, নিরাপত্তা জোরদার, গ্রেফতারি, পরোয়ানা, বাংলাদেশ, জাতীয় সংবাদ

নিজস্ব প্রতিবেদক । জাতীয় । রোববার , ১৩ নভেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ফের হাজির হচ্ছেন ১৩ সেনা কর্মকর্তা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম-নির্যাতনের অভিযোগে করা মামলাগুলোর শুনানিকে ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকেই অতিরিক্ত সেনা সদস্য ও বিজিবি মোতায়েন করে পুরো এলাকা ঘিরে ফেলা হয়।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ এসব মামলার শুনানির দিন ধার্য করেছে। বেঞ্চের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ৮ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মোট তিন মামলায় ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। একইদিন প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে। পরবর্তীতে ২২ অক্টোবর সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ কর্মকর্তা সাধারণ পোশাকে বিশেষ প্রিজন ভ্যানে করে আদালতে হাজির হন। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিলে পরে ঢাকা সেনানিবাসের ঘোষিত সাব-জেলে নেওয়া হয়।

গুম-নির্যাতনের দুই মামলার পলাতক আসামিদের হাজির করতে বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেয় ট্রাইব্যুনাল, যা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এছাড়া পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

Home » ১৩ সেনা কর্মকর্তা
an adbox will go here