হাসিনার রায় ঘিরে বিচারকদের ছবি সরানোর নির্দেশ আদালতের - দিগন্ত জার্নাল

হাসিনার রায় ঘিরে বিচারকদের ছবি সরানোর নির্দেশ আদালতের

আন্তর্জাতিক , অপরাধ, ট্রাইব্যুনাল, নির্দেশ, ছবি অপসারণ, হাসিনা রায়,বিচারক, মানবতাবিরোধী মামলা, বিটিআরসি, আদালত,বাংলাদেশ,ঢাকা

নিজস্ব প্রতিবেদক । জাতীয় । রোববার, ২৩ নভেম্বর ২০২৫

ঢাকা, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিচারক সংশ্লিষ্ট ছবি ও অবমাননাকর মন্তব্য মুছে ফেলতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল বিটিআরসি চেয়ারম্যান এবং তথ্য সচিবকে এ নির্দেশ প্রদান করেন।

গত ১৩ নভেম্বর জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-১। রায় ঘোষণার পর কিছু ব্যক্তি ও পেজ বিচারকদের ছবি ব্যবহার করে অবমাননাকর মন্তব্য ছড়িয়ে দেয়, যা আদালতের নজরে আসে।

স্বতঃপ্রণোদিত হয়ে ট্রাইব্যুনাল সামাজিক ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ওইসব ছবি, ভিডিও ও লেখা অপসারণে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। আদালত মন্তব্য করে যে, মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে, তবে তা কখনোই আইন লঙ্ঘন করে কিংবা বিচারবিভাগকে অবমাননাকরভাবে উপস্থাপন করে হতে পারে না।

রোববারের কার্যক্রমে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। আসামিপক্ষের আইনজীবীসহ সাংবাদিকরাও ট্রাইব্যুনাল চত্বরে উপস্থিত ছিলেন।

Home » ট্রাইব্যুনাল নির্দেশ
an adbox will go here