খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা
নিজেস্ব প্রতিবেদক । জাতীয় । শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি প্রতিনিয়ত খালেদা জিয়ার চিকিৎসা অগ্রগতি এবং স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। প্রয়োজন হলে অতিরিক্ত চিকিৎসা সহায়তা, বিশেষজ্ঞ পরামর্শসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে দেশবাসীর উদ্দেশে দোয়া চেয়ে তিনি বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য বড় অনুপ্রেরণা। তার সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এছাড়া তিনি চিকিৎসা ব্যবস্থাপনায় যুক্ত সংশ্লিষ্টদের সর্বদা প্রস্তুত ও সমন্বিত থাকার নির্দেশ দিয়ে বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে যেন কোনো বিলম্ব বা ব্যত্যয় না ঘটে।
সংবাদটি প্রকাশের সময় পর্যন্ত খালেদা জিয়ার চিকিৎসা রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চলমান রয়েছে বলে জানা গেছে।