কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিল ডব্লিউএফপি
ডেস্ক রিপোর্ট । জাতীয় । শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ নভেম্বরের অগ্নিকাণ্ডের পরে পার্শ্ববর্তী বিটিসিএল গার্লস হাই স্কুলে আশ্রয় নেওয়া পরিবারগুলোর মাঝে মোট ১ হাজার ৯০০ পরিবারকে হাই এনার্জি বিস্কুট (এইচইবি) বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর (ডিডিএম), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর সহযোগিতায় এই সহায়তা কার্যক্রম পরিচালনা করে ডব্লিউএফপি।
প্রতিটি পরিবার পাঁচ কেজি ওজনের একটি করে এইচইবি কার্টন পায়, যা রান্না বা পানির প্রয়োজন ছাড়াই তাৎক্ষণিকভাবে খাওয়ার উপযোগী। ভিটামিন, খনিজ, প্রোটিন ও কার্বোহাইড্রেটসমৃদ্ধ এই খাদ্য উপকরণ আগামী কয়েক দিনের জন্য ক্ষতিগ্রস্ত মানুষের পুষ্টির ঘাটতি পূরণে সহায়ক হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
১৯৭৪ সাল থেকে বাংলাদেশে জরুরি সহায়তা, স্কুল ফিডিং এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধারসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে ডব্লিউএফপি। শুধু ২০২৪ সালেই ঘূর্ণিঝড় রেমাল ও বিভিন্ন বন্যার পর ২৮ লাখ মানুষের কাছে খাদ্য ও নগদ সহায়তা পৌঁছে দেয় সংগঠনটি।
ডব্লিউএফপির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর সিমোন পার্চমেন্ট বলেন, “আজকের বিতরণের পরও আমরা স্থানীয় প্রশাসন ও মানবিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় চালিয়ে যাব। প্রয়োজনে ডব্লিউএফপি অতিরিক্ত সহায়তা দিতেও প্রস্তুত।”
সূত্র: বাসস