হাতপাখা প্রার্থীর দলীয় কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা
সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহীম দলীয় কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। দলটি রাজনৈতিক বৈশিষ্ট্য অর্জন না করা পর্যন্ত তিনি দলীয় রাজনীতিতে সক্রিয় থাকবেন না বলে জানিয়েছেন।
রোববার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে মো. ইব্রাহীম লেখেন, আপাতত ইসলামী আন্দোলন বাংলাদেশের সব ধরনের কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন।
এর আগে দেওয়া আরেকটি পোস্টে তিনি নির্বাচনের ফলাফল নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। সেখানে তিনি বলেন, ঢাকা-৫ আসনের জনগণ কোনো ভুল করেননি। দলীয়ভাবে নেওয়া একটি রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিফলন হিসেবেই এই ফল এসেছে। তিনি জনগণের রায়কে সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন।
একই সঙ্গে যারা তার ওপর আস্থা রেখে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নির্বাচনের চূড়ান্ত ফলাফলে মো. ইব্রাহীম পেয়েছেন ১৪ হাজার ২০৬ ভোট। নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। তিনি পেয়েছেন ৯৬ হাজার ৬৪১ ভোট। বিএনপির প্রার্থী নবী উল্লা নবী পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।
আরেকটি পোস্টে মো. ইব্রাহীম ইসলামী আন্দোলনের তৃণমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, অনেক নেতাকর্মী সময় ও শ্রম দিয়ে নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছেন। দিনমজুর ও শ্রমজীবী মানুষেরাও এতে যুক্ত ছিলেন।
নির্বাচনের ফলাফল নিয়ে হতাশ নন জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতের জন্য সুস্পষ্ট পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ জরুরি। তিনি নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনকে অভিনন্দন জানান এবং তার সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, মো. ইব্রাহীম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর।