এবারের নির্বাচন সরকারের ‘মহাসাফল্য’: ড. মুহাম্মদ ইউনূস
দিগন্ত জার্নাল ডেস্ক । জাতীয় । সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
এবারের জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসে সেরা, স্বস্তিদায়ক ও অভূতপূর্ব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ নির্বাচন অন্তর্বর্তী সরকারের একটি ‘মহাসাফল্য’।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৬১তম ও সর্বশেষ বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে করে শপথ অনুষ্ঠানে যাবেন এবং শপথ শেষে পতাকাবিহীন গাড়িতে নিজ নিজ বাসায় ফিরবেন। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল আনুষ্ঠানিকভাবে শেষ হবে।
প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে প্রায় ৯০ শতাংশ সফল হয়েছে। ভঙ্গুর অর্থনীতি ও দুর্বল প্রশাসনিক কাঠামোর মধ্যেও সরকার দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এবার এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। পাশাপাশি এ নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ বাহিনীও তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ার মাধ্যমে এ সরকারের দায়িত্বকাল শেষ হতে যাচ্ছে।