শপথের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে ১১ দলীয় ঐক্য জোটের এমপিরা
নিজস্ব প্রতিবেদক । রাজনাীতি । মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নবনির্বাচিত সংসদ সদস্যরা। এই প্রেক্ষাপটে নিজেদের অবস্থান নির্ধারণে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা।
দুপুর ১২টায় ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপির সিদ্ধান্তের কারণে বিষয়টি পুনর্বিবেচনায় আসে। এ কারণে জামায়াত আমিরের নেতৃত্বে বৈঠকে অংশ নেন জোটের সদস্যরা। বৈঠক শেষে শপথ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, শপথ বিষয়ে সিদ্ধান্ত নিতে ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরা বৈঠকে বসেছেন। বৈঠকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) জোটভুক্ত দলগুলোর নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ায় এটি গণভোটের চেতনার সঙ্গে সাংঘর্ষিক কি না—সে বিষয়টি আলোচনায় এসেছে। বৈঠক শেষে ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরা শপথ নেবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।