তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন বিএনপি-দলীয় এমপিরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।
এর আগে একই দিন সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত হন। দলীয় সূত্র জানায়, সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমান-কে সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এদিকে আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন।
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে। বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত তারেক রহমান সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করায় ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল সংক্রান্ত বিষয় আদালতে বিচারাধীন থাকায় ওই দুটি আসনের গেজেট প্রকাশ স্থগিত রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী সংসদের কার্যক্রম শুরু করা হবে।