বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বাবা ও মায়ের কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন থেকে সুরা পাঠ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
এর আগে একই দিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। শপথ গ্রহণ শেষে নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম কর্মসূচি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।