যেসব মন্ত্রণালয় ও বিভাগ সামলাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি রুলস অব বিজনেস অনুযায়ী নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগ বণ্টন করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের অধীনে রেখেছেন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ। রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ এই দপ্তরগুলো সরাসরি প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, অন্যান্য সব মন্ত্রণালয় ও বিভাগ নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে বণ্টন করা হয়েছে। শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী মোট ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়োগ দেন। পরে দপ্তর বণ্টন শেষে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
এর আগে একই দিন বিকেলে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ প্রচলিত রীতি অনুযায়ী বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হলেও এবার তা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণে।
নতুন সরকারের মন্ত্রণালয় ও বিভাগ বণ্টনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার আনুষ্ঠানিক কার্যক্রম পূর্ণতা পেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।