শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না: শিক্ষা মন্ত্রণালয় - দিগন্ত জার্নাল

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না: শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষাপ্রতিষ্ঠান, পুনঃভর্তি ফি, টিউশন ফি নীতিমালা, শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি স্কুল, উচ্চশিক্ষা, জবাবদিহিতা, আর্থিক স্বচ্ছতা

নিজস্ব প্রতিবেদক । জাতীয় । বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারের উদ্দেশ্যে নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এই নীতিমালায় বলা হয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীর কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না।

নীতিমালায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান যেমন স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তরে ‘টিউশন ফি নীতিমালা ২০২৪’-এর সীমার মধ্যে ফি নেওয়া যাবে। নির্ধারিত টিউশন ফি ছাড়াও নতুন কোনো খাত থেকে অর্থ আদায় সম্পূর্ণ নিষিদ্ধ।

শিক্ষাপ্রতিষ্ঠানের আয়-ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান যৌথ স্বাক্ষরে হিসাব সংরক্ষণ করবেন। কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতি ধরা পড়লে সংশ্লিষ্টরা দায়বদ্ধ থাকবেন।

নীতিমালায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান যদি তফসিলি ব্যাংকে সরকারি মালিকানাধীন ব্যাংককে অগ্রাধিকার দিয়ে হিসাব খুলে অর্থ গ্রহণ করে। শিক্ষার্থীদের প্রদত্ত ফি, দান-অনুদান ও সম্পত্তি থেকে প্রাপ্ত আয় যথাযথ ব্যাংক হিসাব অথবা সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) ও সরকারি ব্যাংকের অন্যান্য পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রহণ করতে হবে।

তবে জরুরি প্রয়োজনে বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদনে নগদ অর্থ গ্রহণ করা যাবে। তবে আদায়কৃত অর্থ দুই কর্মদিবসের মধ্যে ব্যাংকে জমা দিতে হবে। এছাড়া আয়-ব্যয়ের খাতে কোনো পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।

শিক্ষা মন্ত্রণালয় এ নীতিমালার মাধ্যমে নিশ্চিত করতে চায় যে, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে আর্থিক স্বচ্ছতা বজায় থাকবে এবং শিক্ষার্থীদের প্রতি নিরপেক্ষতা ও সুরক্ষা নিশ্চিত হবে।

Home » ফি নীতিমালা
an adbox will go here