নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবগঠিত বিএনপি সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রতিটি মন্ত্রণালয় দ্রুত তাদের দফতরভিত্তিক কাজের পরিকল্পনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের তালিকায় রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সরবরাহ চেইন সচল রাখা এবং জ্বালানি খাতে কোনো সংকট না তৈরি হওয়া—বিশেষ করে গ্যাস ও বিদ্যুতের দিকে নজর রাখা।”
তিনি আরও জানান, “প্রত্যেক সরকার সাধারণত প্রথম ১০০ দিনের কর্মসূচি গ্রহণ করে। আমাদের সরকার এই কর্মসূচি ১৮০ দিনের জন্য গ্রহণ করবে। প্রধানমন্ত্রী সচিবদের বলেছে, জনগণ আমাদের ইশতেহারের ওপর আস্থা রেখেছে। তাই যথাসময়ে এবং যথাযথভাবে এই ইশতেহার বাস্তবায়ন করতে হবে।”
এই কর্মপরিকল্পনা দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কাজের স্পষ্ট কাঠামো তৈরি করবে এবং জনগণের কাছে সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করবে। সরকার আশা করছে, ১৮০ দিনের মধ্যে উল্লেখিত অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলোতে দৃশ্যমান অগ্রগতি ঘটবে।
প্রথম বৈঠকে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয় এবং আগামী দিনে প্রতিটি মন্ত্রণালয় তাদের বাস্তবায়নযোগ্য পদক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেবে।