রোজার শুরুতেই নিত্যপণ্যের দামে আগুন, ভোক্তার নাভিশ্বাস - দিগন্ত জার্নাল

রোজার শুরুতেই নিত্যপণ্যের দামে আগুন, ভোক্তার নাভিশ্বাস

রোজার প্রথম দিনে বাজারে সবজি ও মুরগির বাড়তি দামের চিত্র

নিজস্ব প্রতিবেদক । জাতীয় । শুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬

রমজানের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে লাগামহীন ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ব্রয়লার মুরগি, সবজি, ডাল, তেল থেকে শুরু করে খেজুর—প্রায় সব পণ্যের দামই বেড়েছে। দুই দিনের ব্যবধানে শুধু ব্রয়লার মুরগির দামই কেজিপ্রতি বেড়েছে ৫০ টাকা, যা সাধারণ ভোক্তাদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।

মুরগি ও মাংসের বাজারে ঊর্ধ্বগতি

রমজানের আগে ১৭০ টাকা দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। সোনালি মুরগির দামও বেড়ে দাঁড়িয়েছে কেজিতে ৩৫০ টাকা, যা গত বছরের তুলনায় বেশি। গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে বর্তমানে ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে খাসির মাংসের দামে বড় কোনো পরিবর্তন নেই, কেজি ১২০০ টাকায় স্থিতিশীল রয়েছে।

সবজির বাজার সাধারণ মানুষের নাগালের বাইরে

নগরীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে।

  • শসা: ৫০ টাকা থেকে বেড়ে ১১০–১২০ টাকা
  • বেগুন: ৭০–৮০ টাকা থেকে বেড়ে ১২০–১৩০ টাকা
  • লেবু: প্রতি পিস ৭–৮ টাকা থেকে বেড়ে ২৫–৩০ টাকা
  • কাঁচা মরিচ: ৭০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা কেজি

আলু ও পেঁপে ছাড়া ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না।

ডাল, তেল ও আটা—সবই ঊর্ধ্বমুখী

মসুর ও এঙ্কর ডালের দামও বেড়েছে।

  • মসুর ডাল: ১৩৫ টাকা থেকে বেড়ে ১৪০–১৫০ টাকা
  • মোটা দানার মসুর: ৮০ টাকা থেকে ১০০ টাকা
  • এঙ্কর ডাল: ৭০ টাকা থেকে বেড়ে ১১০–১২০ টাকা

রমজানের শুরুতেই আটা, সয়াবিন তেল ও পেঁয়াজের দামও বেড়েছে। দুই কেজির আটা ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১২০ টাকা। সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ টাকায়। পেঁয়াজ কেজিতে ৬০ টাকায় তুলনামূলক স্থিতিশীল রয়েছে।

ছোলার বাজার স্বস্তিতে, মজুত পর্যাপ্ত

ছোলার বাজার তুলনামূলক স্থিতিশীল। পাইকারিতে ছোলা বিক্রি হচ্ছে ৮০–৮৫ টাকা এবং খুচরা বাজারে ৯৫–১০০ টাকায়। ব্যবসায়ীরা জানান, অস্ট্রেলিয়া থেকে পর্যাপ্ত ছোলা আমদানি হওয়ায় বাজারে কোনো সংকট নেই। চলতি বছরের জুলাই থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত লক্ষাধিক টন ছোলা আমদানি হয়েছে, যা রমজানের চাহিদা মেটাতে যথেষ্ট।

শুল্ক কমলেও খেজুরের দাম বেড়েছে

ভোক্তাদের স্বস্তি দিতে সরকার খেজুরের আমদানিতে শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামালেও বাজারে তার কোনো প্রভাব পড়েনি। বরং জনপ্রিয় প্রায় সব ধরনের খেজুরের দাম বেড়েছে।

  • দাবাস: ৫৫০–৫৭০ টাকা
  • কালমি: ৭০০ টাকা
  • সুক্কারি: ৮০০ টাকা
  • মাবরুম: ৮৫০–১২০০ টাকা
  • মেডজুল: ১২০০–১৫০০ টাকা

সিন্ডিকেটের অভিযোগ, প্রশাসনের আশ্বাস

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান সামনে রেখে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহে বড় কোনো সংকট নেই। তাই অযৌক্তিকভাবে দাম বাড়ার সুযোগ নেই। তবে বাজারের বর্তমান পরিস্থিতি দেখে অনেকেরই সন্দেহ—বাড়তি চাহিদাকে পুঁজি করে কোনো অসাধু চক্র বা সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করছে কি না।

Home » রোজার বাজারে নিত্যপণ্যের দাম
an adbox will go here