নতুন শিক্ষামন্ত্রীর শিক্ষাখাতে যুগোপযোগী সংস্কারের ইঙ্গিত - দিগন্ত জার্নাল

নতুন শিক্ষামন্ত্রীর শিক্ষাখাতে যুগোপযোগী সংস্কারের ইঙ্গিত

আ ন ম এহসানুল হক মিলন, নতুন শিক্ষামন্ত্রী, শিক্ষা সংস্কার, ডিজিটাল লিটারেসি, নকলবিরোধী পদক্ষেপ, কারিকুলাম উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা, শিক্ষাব্যবস্থা, বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক । জাতীয় । রোববার ,২২ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে জয়ী বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলন মঙ্গলবার জাতীয় সংসদে শপথ গ্রহণের পর শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। নবনির্বাচিত শিক্ষামন্ত্রীর পদকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ে পূর্ণ দায়িত্বে মিলন

২০০১ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় মিলনকে শিক্ষাপ্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। সে সময় তার নকল বিরোধী কার্যক্রম এবং পরীক্ষায় শৃঙ্খলা ফেরানোর উদ্যোগগুলো দেশের শিক্ষাঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছিল। নবনির্বাচিত শিক্ষামন্ত্রী হিসেবে মিলন একই কার্যক্রম আরও বিস্তৃতভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

শপথ গ্রহণের পর সচিবালয়ে বুধবার সংবাদ সম্মেলনে মিলন বলেন, “নকল ও প্রশ্নফাঁস আর ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পালনকালে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল; এবারও তা নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করার জন্য কারিকুলাম পর্যালোচনা, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব, এবং চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে।

সাংবাদিক সম্মেলনে মিলনের মন্তব্য

সংবাদ সম্মেলনে মিলন বলেন, “ব্যাকডেটেড শিক্ষা ব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্বমানের শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা এবং আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।” অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রশ্নের উত্তরে মিলন জানিয়েছেন, “বিগত সময়ে দুর্নীতি হয়নি এবং এবারও হবে না।”

নবনিযুক্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিক্ষামন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

সামাজিক ও গণমাধ্যমে প্রতিক্রিয়া

শপথ গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, “বাচ্চারা পড়তে বসো, এখন আবার শিক্ষামন্ত্রী মিলন স্যার”, কেউ লিখেছেন, “অটো পাশের দিন শেষ, এবার কঠোর ব্যবস্থা।”

এক পর্যবেক্ষক মন্তব্য করেছেন, “হেলিকপ্টারে ছুটে গিয়ে পরীক্ষায় নকল ধরা এবং কঠোর পদক্ষেপ নেওয়ার কারণে মিলনকে মানুষ মজা করে ‘হেলিকপ্টার মিলন’ বলে অভিহিত করতো।”

Home » নতুন শিক্ষামন্ত্রী মিলন
an adbox will go here