গোপালগঞ্জে আ.লীগ নেত্রী সুবর্ণা বিএনপি মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ
ডেস্ক রিপোর্ট । সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আওয়ামী লীগের নেত্রী সুবর্ণা ঠাকুর বিএনপির মনোনয়ন চাইছেন— এমন খবর ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
জানা গেছে, সুবর্ণা ঠাকুর বর্তমানে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর হঠাৎ বিএনপির মনোনয়ন চাওয়ায় দলটির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
বিএনপির নেতাকর্মীরা বলছেন, দলে নতুন নেতৃত্ব আসা স্বাভাবিক। তবে অন্য দল থেকে এসে সরাসরি মনোনয়ন চাওয়া অনেকের কাছে গ্রহণযোগ্য নয়। তারা মনে করেন, মনোনয়নের ক্ষেত্রে দীর্ঘদিনের ত্যাগ ও নিষ্ঠাকে মূল্যায়ন করা উচিত।
এ বিষয়ে কথা বলতে গেলে সুবর্ণা ঠাকুর বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি স্বীকার করেন। তবে আওয়ামী লীগের পদে থাকার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দল পুনর্গঠনের সময় আদর্শিক অবস্থান গুরুত্বপূর্ণ। এ সময় অন্য দলের সক্রিয় নেতাদের সুযোগ দিলে তৃণমূল পর্যায়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তারা আরও বলেন, সংরক্ষিত নারী আসনের এই নির্বাচন দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ।