কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল - দিগন্ত জার্নাল

কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাগম

শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ । মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে ধীরে ধীরে বাড়তে থাকে জনসমাগম।

রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়। প্রভাতফেরিতে অংশ নিতে অনেককেই খালি পায়ে শহীদ মিনারে আসতে দেখা যায়। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে ব্যানার-ফেস্টুন।

একুশের প্রথম প্রহরে প্রধানমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে প্রথমে শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর বিএনপির নেতারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খান।

তিন বাহিনীর প্রধানের পর শহীদ মিনারে শ্রদ্ধা জানান সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির শফিকুর রহমান। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও আখতার হোসেইনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

পরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। তাদের পর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনাররা শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে মহান শহীদ দিবস উপলক্ষে পুরো শহীদ মিনার এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন।

Home » শহীদ দিবস ২০২৬

an adbox will go here