সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালীন কারফিউ জারি করে ছাত্র-জনতাকে হত্যার উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।
রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেলে এই মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে, ১০ ফেব্রুয়ারি মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়েছিল। প্রসিকিউশন জানায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় ফোনালাপ করেছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক।
মামলায় মোট ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। সূচনা বক্তব্যে বলা হয়, কারফিউ জারি ও ছাত্র-জনতাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আন্দোলন দমন করার নীল নকশা করেছিলেন অভিযুক্তরা। একই ট্রাইব্যুনালে কল্যাণপুরের জাহাজ বাড়িতে ৯ যুবককে জঙ্গি হিসেবে হত্যা করার অভিযোগ সম্পর্কেও শুনানি রয়েছে।
একই সময় ট্রাইব্যুনাল-২ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর সাক্ষী জেরার জন্য হাজির থাকবেন। ইতিমধ্যে সালমান, আনিসুল ও ইনু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। তখন থেকে তারা কারাগারে রয়েছেন। ট্রাইব্যুনালে আজকের সাক্ষ্যগ্রহণকে মামলার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে দেখা হচ্ছে।