হাসিনা-কামালসহ ৬ আসামি আত্মসমর্পণ নির্দেশ আদালতে
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীর মিরপুর জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পলাতক ৬ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রোববার (২২ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ৮ মার্চ। মামলায় মোট ৮ জন আসামি রয়েছে। তাদের মধ্যে দু’জন গ্রেফতার থাকায় বাকি ৬ জন পলাতক। গ্রেফতাররা হলেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। পলাতকরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।
এর আগে ২৯ জানুয়ারি ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে কল্যাণপুরের জাহাজবাড়ি এলাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ‘অপারেশন স্ট্রম-২৬’ নামের অভিযানে ৯ তরুণকে হত্যা করে। এই ঘটনার পর থেকেই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।