চট্টগ্রাম আদালতে ১,৯১১ মামলার নথি গায়েব: থানায় জিডি
দিগন্ত জার্নাল ডেস্ক:
চট্টগ্রাম আদালতে পাবলিক প্রসিকিউটরের (পিপি) কার্যালয়ের বারান্দা থেকে ১,৯১১টি মামলার কেস ডকেট বা সিডি উধাও হয়ে গেছে। এ ঘটনায় রোববার (৫ জানুয়ারি) কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি মফিজুল হক ভূঁইয়া জানান, জায়গার স্বল্পতার কারণে গত বছরের এপ্রিল মাস থেকে বারান্দায় পলিথিনে মোড়ানো বস্তায় রাখা হয়েছিল কেস ডকেটগুলো। তবে ১৩ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সেগুলো গায়েব হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া না যাওয়ায় জিডি করা হয়েছে।
উধাও হওয়া নথিগুলোর মধ্যে হত্যা, মাদক, বিস্ফোরণ ও চোরাচালান সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার ডকেট রয়েছে। আইনজীবীরা বলছেন, এসব নথি বিচারিক কার্যক্রমে অপরিহার্য।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. রইছ উদ্দিন জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পিপি মফিজুল হক ভূঁইয়া বলেন, হারানো ডকেটগুলো বিচারিক নথি নয়। এতে বিচার কার্যক্রম ব্যাহত হবে না। বারান্দার বস্তাটি না থাকায় তিনি নিজেই বিষয়টি সবার নজরে আনেন।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।