সিটিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের পদত্যাগের জন্য ক্রমবর্ধমান চাপ - দিগন্ত জার্নাল

সিটিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের পদত্যাগের জন্য ক্রমবর্ধমান চাপ

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যের সিটিমন্ত্রী টিউলিপ সিদ্দিক আর্থিক কেলেঙ্কারি ও ফ্ল্যাট উপহারের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। বাংলাদেশের আওয়ামী লীগের সঙ্গে তার সম্পৃক্ততা এবং খালার (শেখ হাসিনা) মাধ্যমে অর্জিত সম্পদের যোগসূত্র নিয়ে প্রশ্ন উঠেছে। এ পরিস্থিতিতে তার পদত্যাগের দাবিতে চাপ বাড়ছে বলে ফিন্যান্সিয়াল টাইমস এবং ডেইলি টেলিগ্রাফ-এর প্রতিবেদনে উঠে এসেছে।

ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, দুর্নীতিবিরোধী মন্ত্রীর দায়িত্বে থাকা টিউলিপের বিরুদ্ধে লন্ডনের কিংস ক্রস এলাকার ফ্ল্যাটের মালিকানা নিয়ে বিতর্কিত তথ্য প্রদান এবং আওয়ামী লীগের সঙ্গে অর্থনৈতিক যোগসূত্রের অভিযোগ উঠেছে। প্রথমে তিনি দাবি করেছিলেন, ফ্ল্যাটটি তার বাবা-মা কিনেছিলেন। পরবর্তীতে বলা হয়, এটি পরিচিত এক ব্যক্তি উপহার হিসেবে দিয়েছেন। টেলিগ্রাফ বলেছে, ফ্ল্যাটটি আওয়ামী লীগের মিত্র একজনের কাছ থেকে উপহার হিসেবে পাওয়ার অভিযোগ রয়েছে, যা তদন্তের দাবি তুলেছেন টোরি এমপিরা।

ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ এই সম্পদের উৎস ব্যাখ্যা এবং শেখ হাসিনার সঙ্গে অর্থনৈতিক যোগসূত্র স্পষ্ট করার দাবি জানিয়ে বলেছেন,

“টিউলিপকে মন্ত্রীর পদ থেকে অপসারণ করা উচিত।”

এদিকে লেবার পার্টি টিউলিপকে সমর্থন অব্যাহত রেখেছে, তবে দলীয় নেতাদের মধ্যেও তার আর্থিক লেনদেন নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এক সিনিয়র কর্মকর্তা বলেছেন,

“টিউলিপের অবস্থান ক্রমেই অস্থির হয়ে উঠছে।”

অন্যদিকে, ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রী এখনো টিউলিপের পাশে রয়েছেন। তবে আর্থিক কেলেঙ্কারি ও রাজনৈতিক চাপের ফলে তার পদত্যাগ বা তদন্তের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বাড়ছে। টিউলিপ যদিও নিজেকে নির্দোষ দাবি করেছেন, তবে তার বক্তব্যে বারবার পরিবর্তন এবং বিতর্কিত তথ্যের কারণে সমালোচনা থামছে না।

এই ঘটনা যুক্তরাজ্যের রাজনীতিতে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে এবং এর প্রভাব দীর্ঘমেয়াদে লেবার পার্টির ওপর পড়তে পারে।

an adbox will go here