জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে ব্যতিক্রমধর্মী নববর্ষ উদযাপন
নিজস্ব প্রতিবেদক । মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৬
রাজধানী ঢাকায় ব্যতিক্রমধর্মী আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। এতে ছিল শোভাযাত্রা, মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ১০টার পর রাজধানীর মুক্তাঙ্গন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পর্যন্ত “বাঙলা নবযাত্রা ১৪৩৩” শীর্ষক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় গ্রামবাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হয়। এতে ছিল মিনার, পালকি, জায়নামাজ, হারিকেন, টুপি ও কৃষকের ব্যবহার্য সামগ্রী। অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ডও বহন করেন।
দুপুর ১২টার পর বিজয়নগরে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী মেজবান। এখানে দর্শনার্থীদের জন্য ভাত, গরুর মাংস, শাকসবজি ও মিষ্টান্ন পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, এটি বাঙালির আতিথেয়তার একটি গুরুত্বপূর্ণ অংশ।
বিকাল ৩টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত পর্যন্ত চলে এই আয়োজন। মঞ্চে পরিবেশিত হয় কুরআন তেলাওয়াত, হামদ-নাত, দেশাত্মবোধক গান ও লোকসংগীত। এছাড়া কবিতা আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে একটি বাংলা বর্ষপঞ্জিকাও প্রকাশ করা হয়। এতে বাঙালির ঐতিহ্য তুলে ধরা হয়েছে।
আয়োজকদের মতে, এই আয়োজনের লক্ষ্য হলো নতুন প্রজন্মের কাছে দেশের প্রকৃত ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।