দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ১০ মাসে প্রায় ৩ হাজার খুন
দিগন্ত জার্নাল ডেস্ক: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ: সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে। খুন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা ঘটছে। প্রকাশ্যে গুলি, ছুরিকাঘাত ও হত্যাকাণ্ডের ঘটনাও বাড়ছে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ২ হাজার ৯৩৯টি খুনের মামলা হয়েছে। অর্থাৎ মাসে গড়ে প্রায় ৩০০টি এবং দিনে প্রায় ১০টি মামলা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ব্লক রেইড ও টহল জোরদার করেছে পুলিশ। অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। তবে মাদক কারবার, কিশোর গ্যাং, রাজনৈতিক কোন্দল, সম্পত্তির বিরোধ ও অবৈধ দখলকে কেন্দ্র করে অপরাধ অব্যাহত রয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি কামারুম মুনিরা আমার দেশকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের ইউনিটগুলোকে সক্রিয় রাখা হয়েছে। টহল, চেকপোস্ট ও অপরাধবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বাড়ানো হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, হত্যাসহ বিভিন্ন অপরাধ পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে। এসব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ২৮৭, ফেব্রুয়ারিতে ২৫০, মার্চে ৩১৭, এপ্রিলে ২৮৮, মে মাসে ৩১০, জুনে ৩২৬, জুলাইয়ে ২৯৮, আগস্টে ২৮৬, সেপ্টেম্বরে ২৯৭ এবং অক্টোবরে ২৮০টি খুনের মামলা হয়েছে।
এদিকে, অধিকারের তথ্যানুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় ১২০ জন নিহত হয়েছেন। একই সময়ে নির্যাতন, পিটুনি ও গুলিতে আরও ১০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে সংগঠনটি।
পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা মহানগর ও জেলায় জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৭৫টি হত্যাকাণ্ড ঘটেছে। অন্যদিকে, ২০২৪ সালের জুলাইয়ে থানা ও পুলিশ ব্যারাক থেকে লুট হওয়া ১ হাজার ৩১০টি অস্ত্র ও গোলাবারুদের বড় অংশ এখনো উদ্ধার হয়নি।
পুলিশ সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। খুলনায় রাতে একা চলাচলের ওপর পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। অভিযানে যাওয়ার সময় সদস্যদের একসঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।