নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান শামা ওবায়েদের
দিগন্ত জার্নাল ডেস্ক:
ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেছেন।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।”
শামা ওবায়েদ অভিযোগ করেন, জিয়া পরিবার বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে এবং শেখ হাসিনা জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে থাকতে চেয়েছিলেন। তিনি বলেন, “ষড়যন্ত্রকারীরা বেশিদিন টিকে থাকতে পারেনি। যারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে, তাদের বিচার এই মাটিতেই হবে।”
তিনি আরও বলেন, “যারা দেশের সম্পদ লুটপাট করেছে, ব্যাংক খালি করেছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হবে। বাংলাদেশের নতুন অধ্যায় শুরু করতে এসব অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে।”