ইলিয়াস আলী গুম ও হত্যাকাণ্ড: জিয়াউল আহসানের নেতৃত্বে
দিগন্ত জার্নাল ডেস্ক:
সিলেটের প্রভাবশালী বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম এবং হত্যার ঘটনায় মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি ‘কিলিং স্কোয়াড’ জড়িত ছিল। হত্যার পর তার লাশ যমুনা নদীতে ফেলে দেওয়া হয়। এ গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া স্বীকারোক্তিতে র্যাব সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলাম জানান, জিয়াউল আহসানের নির্দেশে শেরাটন হোটেল থেকে ইলিয়াস আলীকে অনুসরণ করা হয়। বনানীর কাছে সাউথ পয়েন্ট স্কুলের সামনে ইলিয়াস আলী ও তার ড্রাইভার আনসারকে অপহরণ করা হয়। এরপর তাদের হত্যা করে যমুনায় ফেলে দেওয়া হয়।
তাহেরুল আরও বলেন, অপারেশন শেষে জিয়াউল আহসান উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, “আজ বড় একটি অপারেশনে সফল হলাম। শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি।”
এ হত্যাকাণ্ডে আরও কয়েকজন সেনা কর্মকর্তা জড়িত ছিলেন। তাদের মধ্যে ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুলকে সেনাবাহিনী ক্লোজড করেছে বলে জানা গেছে।
তদন্তে উঠে এসেছে, ইলিয়াস আলীকে গুম এবং হত্যার পেছনে সরাসরি নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। এর আগে গুম তদন্ত কমিশনের প্রতিবেদনে শেখ হাসিনার গুম এবং হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।
প্রতিবেদন অনুযায়ী, গুমের ঘটনাগুলোর নির্দেশনা শেখ হাসিনা নিজে দিয়েছেন। তবে তদন্ত এবং বিচার কার্যক্রম শুরু হওয়ায় এসব ঘটনা এখন প্রকাশ্যে আসছে।