জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলা: খালেদা জিয়ার আপিল শুনানি চলছে
দিগন্ত জার্নাল ডেস্ক:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানি আজ মঙ্গলবার সকাল থেকে আপিল বিভাগের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চলছে। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার কায়সার কামালসহ জ্যেষ্ঠ আইনজীবীরা। অপরদিকে রাষ্ট্রপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এই মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন। অভিযোগ ছিল, জিয়া অরফানেজ ট্রাস্টের নামে ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। পরে হাইকোর্টে আপিলের প্রেক্ষিতে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলার অন্যান্য আসামিরা হলেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী, কাজী সালিমুল হক কামাল, শরফুদ্দিন আহমেদ এবং মমিনুর রহমান। তাদের প্রত্যেককেই ১০ বছরের কারাদণ্ড এবং ২ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
গত ১১ নভেম্বর আপিল বিভাগ খালেদা জিয়ার আপিলের অনুমতি মঞ্জুর করে তার সাজা স্থগিত রাখে। আজকের শুনানিতে মামলার সারসংক্ষেপ নিয়ে আলোচনা চলছে।
২০১৮ সাল থেকে কারাবন্দি থাকা খালেদা জিয়া বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। এই আপিল শুনানির রায়ের ওপর তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে।