তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ৯৫ জন নিহত, আহত ১৩০ জন - দিগন্ত জার্নাল

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ৯৫ জন নিহত, আহত ১৩০ জন

আন্তর্জাতিক ডেস্ক:
মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৫) সকালে তিব্বতের শিগাতসে শহরে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৯৫ জন নিহত এবং অন্তত ১৩০ জন আহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে হাজারের বেশি ভবন ধসে পড়েছে এবং বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে। পার্শ্ববর্তী নেপাল, ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক হয়, যা ধ্বংসযজ্ঞ আরও বাড়িয়েছে।

ভূমিকম্পকবলিত তিংরি কাউন্টিতে তাপমাত্রা বর্তমানে মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে এবং সন্ধ্যায় তা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়েছে, ফলে স্থানীয়দের জীবন আরও কঠিন হয়ে পড়েছে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষতিগ্রস্ত অঞ্চলে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। চীনের বিমান বাহিনী ড্রোনসহ উদ্ধারকাজে অংশ নিয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য মোটা কম্বল বিতরণ করা হচ্ছে।

মাউন্ট এভারেস্টের পাদদেশে অবস্থিত এই অঞ্চলে এভারেস্ট ভ্রমণসহ সব পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে স্থানীয় অর্থনীতি ক্ষতির সম্মুখীন হয়েছে।

তিব্বতের এ অঞ্চল একটি ভূতাত্ত্বিক ফল্ট লাইনের ওপর অবস্থিত হওয়ায় প্রায়শই ভূমিকম্পের শিকার হয়। এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে চীনে ঘটে যাওয়া অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প।

an adbox will go here