সিরিয়ার নিষেধাজ্ঞা স্থগিত করতে ইইউকে জার্মানির চাপ
আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানাচ্ছে জার্মানি। বাশার আল-আসাদের শাসনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নতুন প্রশাসনকে সমর্থন দিতে চায় দেশটি।
সম্প্রতি জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল ব্যারোট সিরিয়া সফর করেছেন। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং সংবিধান প্রণয়ন ও নতুন সরকারে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
জার্মানি সিরিয়ার সরকারি আর্থিক লেনদেন সহজতর করা, বেসরকারি পুঁজি স্থানান্তরের ওপর বিধিনিষেধ শিথিল করা এবং জ্বালানি ও বিমান খাতে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়।
২৭ জানুয়ারি ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে। ইইউ নীতিতে পরিবর্তন আনতে সব সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ছয় মাসের জন্য সিরিয়ায় কিছু নিষেধাজ্ঞা স্থগিত করেছে। এর আওতায় জ্বালানি বিক্রিসহ মানবিক সহায়তা কার্যক্রমের পথ সহজ করা হয়েছে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারও নিষেধাজ্ঞা প্রত্যাহারে সক্রিয় ভূমিকা পালন করছে।