মিরাটে একই পরিবারের ৫ জনের লাশ উদ্ধার: প্রাথমিক ধারণা খুন - দিগন্ত জার্নাল

মিরাটে একই পরিবারের ৫ জনের লাশ উদ্ধার: প্রাথমিক ধারণা খুন

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশের মিরাট জেলার লিসারি গেট থানা এলাকার একটি বাড়ি থেকে একই পরিবারের পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে বাবা-মা এবং তাদের তিন শিশু কন্যা রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তালাবদ্ধ বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মঈনুদ্দিন (৫২), তার স্ত্রী আসমা (৪৫), এবং তাদের তিন মেয়ে—আফসা (৮), আজিজা (৪), ও আদিবা (১)। তিন মেয়ের লাশ পাওয়া যায় খাটের বক্সের মধ্যে এবং বাবা-মায়ের লাশ মেঝেতে চাদরে মোড়ানো অবস্থায় ছিল।

বুধবার থেকে ওই পরিবারকে বাড়ির বাইরে দেখা যায়নি। বৃহস্পতিবার প্রতিবেশীরা ডেকে সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ বাড়ির ছাদ দিয়ে ঢুকে লাশগুলো উদ্ধার করে।

মিরাটের সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট (এসএসপি) বিপিন তাদা জানান, প্রত্যেকের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি পরিকল্পিত খুন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে।

ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড ও এনডিটিভি।

an adbox will go here