চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা
দিগন্ত জার্নাল ডেস্ক:
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি এক মাসের বেশি সময়। তবে আইসিসির নির্ধারিত সময়সীমা অনুযায়ী ১২ জানুয়ারির আগেই দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলকে নেতৃত্ব দেবেন সদ্য শ্রীলঙ্কার বিপক্ষে সফল হওয়া মিচেল স্যান্টনার।
দলে আছেন তিন নবাগত পেসার—উইল ও’ররকি, বেন সিয়ার্স এবং নাথান স্মিথ। অলরাউন্ডারদের মধ্যে স্যান্টনার ছাড়াও আছেন মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস ও রাচিন রাবিন্দ্র। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন এবং টেস্ট দলের অধিনায়ক টম লাথাম।
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া মিচেল স্যান্টনার, টম লাথাম এবং কেন উইলিয়ামসন এবারও দলে আছেন। বোলিং লাইনআপে নেতৃত্ব দেবেন ম্যাট হেনরি, যার সঙ্গে থাকছেন লুকি ফার্গুসন।
রিজার্ভ তালিকায় রাখা হয়েছে জ্যাকব ডাফিকে। লুকি ফার্গুসন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে যদি নিজেকে সরিয়ে নেন, তবে তার জায়গায় দলে ঢুকবেন এই পেসার।
নিউজিল্যান্ড স্কোয়াড:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’ররকি, গ্লেন ফিলিপস, রাচিন রাবিন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন এবং উইল ইয়ং।
নিউজিল্যান্ড তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।