বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র-ভারত বৈঠক: দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চায় দুই দেশ - দিগন্ত জার্নাল

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র-ভারত বৈঠক: দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চায় দুই দেশ

দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং সেই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ তথ্য জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি।

শনিবার (১১ জানুয়ারি) কলকাতায় আমেরিকান সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে বৈঠক হয়। সেখানে বাংলাদেশের সম্ভাব্য নির্বাচন ছিল আলোচনার মূল বিষয়। কীভাবে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব এবং এ ক্ষেত্রে দুই দেশ কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে, তা নিয়েই আলোচনা হয়েছে।”

তিনি আরও জানান, আলোচনায় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ইস্যু গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়। গারসেটি বলেন, “যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং সম্ভাব্য পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উভয়েই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। আমরা বাংলাদেশকে একটি স্থিতিশীল, উন্নয়নমুখী এবং সহনশীল দেশ হিসেবে দেখতে চাই।”

এদিকে, শুক্রবার (১০ জানুয়ারি) ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে জ্যাক সুলিভান বলেন, “শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনে যুক্তরাষ্ট্র কলকাঠি নেড়েছে”—এই গুঞ্জন সম্পূর্ণ অযৌক্তিক। ভারতের সরকারও এই গুঞ্জনে আস্থা রাখে না বলে মন্তব্য করেন তিনি।

an adbox will go here