নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৪০ কৃষক - দিগন্ত জার্নাল

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৪০ কৃষক

আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৪০ জন কৃষক নিহত হয়েছেন। এই হামলায় জঙ্গি গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস)-এর সহযোগীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১৩ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রদেশটির গভর্নর বাবাগানা উমারা জুলুম এবং তথ্য কমিশনার উসমান টার জানিয়েছেন, চাদ হ্রদের তীরে সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম এবং আইএসডব্লিউএপি যোদ্ধারা রোববার গভীর রাতে হামলা চালিয়ে কৃষকদের হত্যা করেছে।

তাদের দাবি, হামলার সময় সশস্ত্র গোষ্ঠী কৃষকদের আটক করে এবং একে একে গুলি চালিয়ে হত্যা করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তবে হামলার সময় পালিয়ে যাওয়া অনেককে এখনও খুঁজে বের করার চেষ্টা চলছে।

গভর্নর জুলুম বেসামরিক নাগরিকদের নিরাপদ অঞ্চলের মধ্যে থাকতে সতর্ক করেছেন এবং এই হামলার তদন্তের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, বিদ্রোহীদের বিরুদ্ধে কার্যক্রম জোরদার করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

লেক চাদের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: লেক চাদ অঞ্চলটি নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুন এবং চাদের মধ্যে বিস্তৃত। এটি দীর্ঘদিন ধরে বোকো হারাম ও আইএসডব্লিউএপি যোদ্ধাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

২০০৯ সাল থেকে বোকো হারাম পশ্চিমা শিক্ষার বিরোধিতা এবং ইসলামি আইনের কঠোর সংস্করণ চাপিয়ে দেওয়ার জন্য বিদ্রোহ শুরু করে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই বিদ্রোহে এ পর্যন্ত ৩৫ হাজারের বেশি বেসামরিক নিহত হয়েছেন এবং ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

an adbox will go here