লস অ্যাঞ্জেলসে দাবানল, ২০২৮ অলিম্পিক নিয়ে শঙ্কা - দিগন্ত জার্নাল

লস অ্যাঞ্জেলসে দাবানল, ২০২৮ অলিম্পিক নিয়ে শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:
লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল ২০২৮ সালের অলিম্পিক আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও অলিম্পিক ভেন্যুগুলোর মধ্যে কোনোটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি, তবুও শহরটির নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

দাবানলে এখন পর্যন্ত ২৪ জনের প্রাণহানি ঘটেছে এবং শহরের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি অলিম্পিক আয়োজনের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

স্কেমা বিজনেস স্কুলের অধ্যাপক সাইমন চ্যাডউইক বলেন, “জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে অলিম্পিকের মতো ইভেন্টে এমন বিপর্যয়ের সম্ভাবনা চিন্তা করা উচিত।”

তবে ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপণ সংস্থার তথ্য অনুসারে, অলিম্পিক চলাকালীন দাবানলের সম্ভাবনা কম। বিশেষত, অধিকাংশ ভেন্যু হাই-রিস্ক ফায়ার জোনের বাইরে অবস্থিত।

অধ্যাপক বিল ডেভেরেলের মতে, এ দুর্যোগ থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া যাবে যা ভবিষ্যতে এমন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। তবে অলিম্পিক সরিয়ে নেওয়ার মতো প্রস্তাব অগ্রাহ্য করে তিনি বলেন, “এটি বাতিল বা স্থানান্তর হওয়ার সম্ভাবনা নেই।”

লস অ্যাঞ্জেলস ২০২৮ আয়োজক কমিটি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

an adbox will go here