টানাপোড়েনের মধ্যেও ভারত থেকে জ্বালানি তেল আমদানি করছে বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও বাংলাদেশ বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে এক লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
বিপিসি সূত্র জানিয়েছে, এই ডিজেল ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আমদানি করা হবে, যার জন্য খরচ হবে ১,১৩৭ কোটি টাকা। দেশের বার্ষিক জ্বালানি তেলের চাহিদার বেশিরভাগই আমদানি করে পূরণ করা হয়, এর মধ্যে ৮০ শতাংশ ডিজেল সরাসরি আমদানি করা হয়।
২০১৬ সাল থেকে ভারতের এনআরএল থেকে ট্রেনের মাধ্যমে তেল আমদানি করছে বাংলাদেশ।
সম্প্রতি, অভ্যন্তরীণ খাদ্যচাহিদা মেটাতে ভারত থেকে ৫০ হাজার টন সিদ্ধ চাল আমদানি করারও সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।