পুলিশের নিরপেক্ষতার প্রতিশ্রুতি আইজিপির
দিগন্ত জার্নাল ডেস্ক:
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম সাব-ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও নিরপেক্ষ সংস্থা হিসেবে গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার ও পুলিশ সংস্কার কমিশনের প্রচেষ্টার কথা উল্লেখ করেন।
আইজিপি বলেন, “অপরাধ দমন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব। জনবান্ধব পুলিশ ব্যবস্থা তৈরিতে পুলিশ কর্মকর্তাদের আরও দক্ষ ও নিবেদিত হতে হবে।”
অনুষ্ঠানে তিনি কুচকাওয়াজ পরিদর্শন এবং নবীন এসআইদের অভিবাদন গ্রহণ করেন। ২০২৩ সালে একাডেমিতে বুনিয়াদি প্রশিক্ষণের জন্য ৮২১ জন এসআই যোগ দিলেও গুরুতর অপরাধ এবং মাঠ ও ক্লাসে বিশৃঙ্খলার কারণে চার ধাপে বাদ পড়েন মোট ৩৪৩ জন।
গেল ২৬ নভেম্বর কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল। সমাপনী এই আয়োজনের মধ্য দিয়ে নবীন সাব-ইন্সপেক্টররা দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনে প্রস্তুত হলেন।