যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ২০ ফিলিস্তিনি - দিগন্ত জার্নাল

যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ২০ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক:
দীর্ঘ ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরাইল। এই চুক্তি কার্যকর হওয়ার কথা আগামী রোববার (১৯ জানুয়ারি)। তবে এর আগেই ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় গাজায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় গাজার শেখ রাদওয়ান পাড়ার একটি আবাসিক ব্লকে ১২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। একইদিন পশ্চিম তীরে বোমা হামলায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগে, মঙ্গলবার জেনিনে ইসরাইলি হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হন।

যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলি: এই চুক্তিতে মধ্যস্থতা করছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি দোহায় এক সংবাদ সম্মেলনে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

চুক্তির শর্ত অনুযায়ী:
১. প্রথম ধাপে হামাস ৩৩ জন ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে।

২. ইসরাইল, গাজার উত্তরে বেসামরিক নাগরিকদের নিজ বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেবে।

৩. প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়া হবে।

শর্ত পূরণের পর চুক্তির দ্বিতীয় ও তৃতীয় ধাপে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি, এবং গাজার পুনর্গঠনের বিষয় রয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুদ্ধবিরতির আগে এ ধরনের হামলা শান্তি প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি করেছে।

an adbox will go here