ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির খবরে গাজায় উল্লাস
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েল ও হামাস দীর্ঘ ১৫ মাসের সংঘাতের অবসানে যুদ্ধবিরতির শর্তে সম্মত হয়েছে। এ খবর প্রকাশের পর গাজার রাস্তায় আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন ফিলিস্তিনিরা। গাজার দেইর আল-বালাহ অঞ্চলে সাধারণ মানুষকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে, যা দীর্ঘ সময় পর ফিলিস্তিনিদের জীবনে এক বিরল মুহূর্ত।
আলজাজিরার প্রকাশিত ছবিতে দেখা যায়, যুদ্ধবিরতির খবরে ফিলিস্তিনিরা স্বস্তি ও আশার বার্তা নিয়ে উদযাপন করছেন।
এর আগে বিবিসি জানায়, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি সম্ভব হয়েছে। হামাসের এক কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, গাজার দক্ষিণ সীমান্তের ফিলাডেলফি করিডোর নিয়ে হামাস নতুন দাবি তুলেছে।
ইসরায়েলি গণমাধ্যম জানায়, মাসের পর মাস আলোচনার পর চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মিশরের সঙ্গে গাজার সীমান্তসংক্রান্ত বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। বর্তমানে উভয় পক্ষের মধ্যেই একটি চূড়ান্ত সমাধান আসার আশা তৈরি হয়েছে।